রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই পণ্য সংগ্রহ ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের তারা মিয়া সুজনের ছেলে রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) ও একই এলাকার মোকসেদ আলীর ছেলে মারুফ হোসেন (২৩)। রিয়াদ বর্তমানে মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বোয়ালিয়া মডেল থানার একটি চুরি মামলার তদন্তের সূত্র ধরে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় রিয়াদের বসতঘর থেকে মামলার চুরি যাওয়া একটি এইচপি এলিটবুক কোর আই-৫ ল্যাপটপ উদ্ধার করা হয়। তার হেফাজত থেকে জব্দ করা হয় আরও ১১টি মোবাইল ফোন।
পরে রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে রিয়াদ জানান, তিনি নিয়মিত চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রির জন্য বন্ধু মারুফের কাছে সরবরাহ করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের হেফাজত থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দুজনের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, নিজেদের হেফাজতে রাখা এবং কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের দুজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে।
কুড়িগ্রামে ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার