লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আগামী ২৯ ও ৩০ অক্টোবর এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’।
কর্মসূচির প্রথম দিন ২৯ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠানস্থলে ফিরে আসবে।
বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে। একশ বছর আগে বাঙালি মুসলিম সমাজকে প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ করতে রেনেসাঁর মতো ভূমিকা রাখা এ আন্দোলন নিয়ে সেমিনারে আলোচনা করবেন বিশিষ্টজনেরা।
দ্বিতীয় দিন ৩০ অক্টোবর বিকেল ৩টা থেকে রাজধানীর রবীন্দ্র সরোবরে উদীচীর নবীন-প্রবীণ কর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে উদীচীর শিল্পীদের পাশাপাশি দেশবরেণ্য শিল্পীরা একক ও সমবেত গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।