লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন ওই যাত্রী। রাত ৩টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় লঞ্চে থাকা অন্য এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি চিকিৎসক দল দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে তাঁকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত