পাবনায় সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

পাবনার চাটমোহরে কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তিনি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন কর্মস্থল চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মান্নাননগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি ২০২৩ ব্যাচে চাকরিতে যোগ দেন। তার স্ত্রী ও মাত্র ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে, একজন তরুণ কৃষি কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা জেলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথিমধ্যে মান্নাননগর নামক স্থানে মহাসড়কে বেলা ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত