বর্তমান সরকারের সময় বিদ্যুৎ খাতে নয়ছয় করার সুযোগ নেই : রিজভী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ এএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিগত আমলের মতো বর্তমান সরকারের সময় বিদ্যুৎ খাতে নয়ছয় করার সুযোগ নেই। কারণ এ সরকারের সময় সবাইকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, কুইক রেন্টালের নামে লুটপাটের জন্য আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি দিয়েছিল। বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুতের সংকট। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের যে চুক্তিগুলো হয়েছে, তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম বলেও জানান রিজভী।

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, ‘বিদ্যুৎ খাতে অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

জবাবদিহি থাকায় বর্তমান সরকারের আমলে লুটপাটের সুযোগ নেই বলে মন্তব্য করেন রিজভী। বলেন, ‘যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় রাখতে হবে।’

 দেশে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করে তিনি বলেন, ‘অনেক দরিদ্র পরিবার বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। তাই শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন।’

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী জানান, এ খাতে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী। দেশ এগিয়ে যাবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত