ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করা নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক সাজিদুল ইসলাম শুনানি শেষে তাকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেন।
বিকেল ৩টার দিকে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় সাথী আক্তার বলেন, ‘আমি শুধু আমার মনের কষ্ট প্রকাশ করেছি। সরকারবিরোধী কোনো কথা বলিনি। অথচ বিএনপির নেতাকর্মীরা এসে আমার ওপর হামলা চালিয়েছে। দুর্দিনে দলের পাশে ছিলাম, আর আজ সেই দলের লোকেরাই আমার বুকে লাথি মারছে।’ নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লাইভ করার পর তাকে হয়রানি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন সাথী আক্তার। তার দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন তিনি। তিনটি শোরুমে চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সেই কষ্টের কথা বলতে গিয়েই তিনি ফেসবুকে লাইভ করেছিলেন।
সাথী আক্তার বলেন, তার তিনটি শোরুমের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার এবং বিদ্যুতের মিটারের তার চুরি হয়েছে। একটি শোরুমে নতুন করে চার কয়েল তার লাগাতে হয়েছে। প্রতি কয়েল তারের দাম ১২ হাজার টাকা। এ অবস্থায় ব্যবসার ক্ষতি সামলানো তার জন্য কঠিন হয়ে পড়েছে। নিজের রাজনৈতিক সম্পৃক্ত তার বিষয়ে সাথী বলেন, বিএনপির কোনো পদে তিনি ছিলেন না। তবে দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। সাবেক নেত্রী খালেদা জিয়ার অসুস্থতার সময় তাকে বিদেশে পাঠানোর দাবিতে আন্দোলনেও অংশ নিয়েছিলেন। ভালুকার বিএনপিদলীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে কর্মসূচিতে ছিলেন বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ সম্প্রচার করেন সাথী আক্তার। ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এ উদ্যোক্তা। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’