অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেতে পারে ৫৩টি আসন।

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটের ফলাফল অমীমাংসিত থাকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই দেশটির অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। খবর রয়টার্স।

ইসরায়েলের প্রধান গণমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেতে পারে ৫৩টি আসন। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য ৬১টি আসনের ম্যাজিক ফিগার কোনো জোটই স্পর্শ করতে পারেনি।

ইসরায়েলের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে দরকষাকষি চলাকালীন সময়ে এবং চূড়ান্ত কোনো সমাধান না আসা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীই অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যদি কোনো পক্ষই শেষ পর্যন্ত কোয়ালিশন সরকার গঠন করতে না পারে, তবে দেশটিতে পুনরায় নতুন করে নির্বাচনের ডাক দেওয়া হবে এবং তত দিন পর্যন্ত নেতানিয়াহুই ক্ষমতায় থাকছেন।

ভোট গণনা এখনো চলায় বর্তমান ফলাফলে পরিবর্তন আসার সুযোগ রয়েছে। তবে মধ্যবাম থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত আইজেনকটের নেতানিয়াহুবিরোধী জোট (চেঞ্জ ব্লক) প্রাক্‌-নির্বাচনী জনমত জরিপের পূর্বাভাস ছুঁতে পারেনি। নির্বাচনের আগে জরিপগুলোয় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের কাজের ক্ষেত্রে কিছু আইনি সীমাবদ্ধতা থাকলেও বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা এ সরকারের থাকবে।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো গাই লুরি এ প্রসঙ্গে বলেন, একটি অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের মতোই সমান ক্ষমতা ভোগ করে। তবে কিছু ক্ষেত্রে তাদের ‘সংযম বজায় রাখার বাধ্যবাধকতা’ থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার পরিধি কিছুটা সীমিত হয়ে আসে।

সর্বশেষ সর্বাধিক পঠিত