ফেনীতে ২ শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

ফেনীতে জিএ একাডেমী স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।

এ সময় প্রায় দুই ঘন্টা ফেনী সদর হাসপাতাল সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা ঘটনাস্থলে গিয়ে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্কুলে প্রবেশের সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ দুই শিক্ষার্থীকে তীব্র ধাক্কা দেয়। এতে তারা সড়কে লুটিয়ে পড়ে এবং গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে। 
ঘটনার পরপরই নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীরা সড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দৃঢ় আশ্বাস দেন। ইউএনও-র আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক ব্যারিকেড তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জিএ একাডেমীর প্রধান শিক্ষক রেহানা আক্তার বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। দুর্ঘটনা রোধে স্কুলের সামনে অবিলম্বে কার্যকর স্পিডব্রেকার (গতিরোধক) স্থাপন করতে হবে এবং স্কুলের সামনে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড স্থায়ীভাবে অপসারণ করতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শিক্ষার্থীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দেন। বিদ্যালয়ের সামনে অবিলম্বে কার্যকর স্পিড ব্রেকার (গতিরোধক) স্থাপন, বিদ্যালয়ের সামনে গড়ে ওঠা অননুমোদিত সিএনজি স্ট্যান্ড দ্রুত সরিয়ে নেওয়া, বিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত বখাটেদের আনাগোনা ও হয়রানি বন্ধে স্থায়ী আইনি পদক্ষেপ নেওয়র দাবি জানান শিক্ষার্থীরা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীও স্কুলের আশপাশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত