শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

২৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে, এডিবির অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, এসআইসিআইপি-পিএমইউ, মো. মাসুম বিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও উপপ্রকল্প পরিচালক, এসআইসিআইপি-পিএমইউ, মোহাম্মদ ওয়াসিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই বিনিয়োগ বিভাগের প্রধান এফ. এম. নেওয়াজ আলী, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সাসটেইনেবল ফাইন্যান্স ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিমসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে (ইডিপি) প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া প্রতীকীভাবে নির্বাচিত নারী উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য চেক হস্তান্তর করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে চারটি ক্যাটাগরিতে চারজন উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রেনিং ভেন্যুতে একটি বর্ণাঢ্য পণ্যমেলার আয়োজন করা হয়, যেখানে ইডিপিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি এবং বেকারি ও ফাস্ট ফুড খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়, যা অতিথি, ব্যাংক কর্মকর্তা ও উপস্থিত সবার মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ ও যোগ্য উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শিল্পায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নবীন উদ্যোক্তারা নিজেদের ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত