ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে "একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস" শীর্ষক এক সেমিনার ও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউনেস্কো ঢাকা অফিস এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প 'ব্যালট'-এর -এর যৌথ সহযোগিতায় বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা (MIL) সপ্তাহ ২০২৬-এর দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
২৯ অক্টোবর ২০২৬ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
তবে, বর্তমান সরকার কঠোর নিয়ন্ত্রনের চেয়ে জনগণকে শিক্ষিত এবং সচেতন করার দিকে অগ্রাধিকার দিচ্ছে। তরুণদের চেয়ে বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য বেশী প্রভাবিত করে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বয়স্কদের সঠিক তথ্য নির্বাচনে সহায়তা করতে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি, ড. সুসান ভাইজ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প 'ব্যালট' বাংলাদেশের প্রতিনিধি, আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন, অধ্যাপক ড. দিলারা বেগম। প্রবন্ধ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। সেমিনার শেষে সপ্তাহব্যাপী মিডিয়া লিটারেসি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।