পাবনায় অফিসে বসা ২ জনকে গুলি করে হত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ এএম

পাবনা আতাইকুলার পুষ্পপাড়ায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ীসহ দুইজন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি প্রদীপ কুমার সাহা।

নিহতরা হলেন, পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪)। তিনি পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। অন্যজন তার সহযোগী একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আতাইকুলার পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক অফিস। সেখানে সন্ধ্যায় রিপন ও সালাম বসেছিলেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫-৭ জনের একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রিপন ও সালামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, নিহত আব্দুস সালাম নিষিদ্ধ সংগঠন আওয়ামী শ্রমিক লীগ পাবনা সদর উপজেলার আহ্বায়ক ও সহযোগী নিহত রিপন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

এ বিষয়ে আতাইকুলা থানার ওসি বলেন, ৫-৭ জনের একদল দুর্বৃত্ত গুলি করতে করতে সালামের অফিসে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা কি কারণে এ হত্যাকা- ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত