বাড়ছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা

১ জুলাই থেকেই কার্যকর

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম

সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানে অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা গত সেপ্টেম্বরে জারিকৃত জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

তবে, ১ জুলাই ২০২৬ তারিখের আগে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতাভুক্ত বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের মধ্যে যাদের চুক্তির মেয়াদ ১ জুলাই ২০২৬ পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত আছে সরকারের সঙ্গে তাদের চুক্তি সংশোধন করতে হবে। ১ জুলাই ২০২৬ খ্রি. তারিখ থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর অনুচ্ছেদ ১(৩) (ক), ১(৩) (খ), ১(৩) (গ) (বার্ষিক বেতন বৃদ্ধি অংশ ব্যতীত) এবং ১(৩) (ঞ) অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের ক্ষেত্রে প্রযোজ্য ভাতাদি প্রাপ্য হবেন।

এ ছাড়া, ১ জুলাই ২০২৬ তারিখের পরে যারা চুক্তিভিত্তিক পদে নিয়োজিত হয়েছেন বা হবেন তাদের ক্ষেত্রে অবসর গ্রহণের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন প্রাপ্ত হতেন জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর অনুরূপ গ্রেড ও ধাপে তারা বেতন ভাতাদি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিশেষ ক্ষেত্রে সরকার কর্র্তৃক নির্ধারিত অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত বেতনই হবে চুক্তিভিত্তিক নিয়োজিত পদের বেতন। চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন হতে নির্ধারিত গ্রস পেনশন (কম্যুটেশন/সমর্পণ করার আগের অঙ্ক) এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, তা বাদ যাবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক, বর্ধিত পেনশন প্রদেয় হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ইত্যাদি সংক্রান্ত শর্তাবলি-যথারীতি প্রতিক্ষেত্রে গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে স্থির করা হবে এবং তদনুযায়ী চুক্তিপত্র সম্পাদিত হবে।

সর্বশেষ এই প্রজ্ঞাপনের পরিপন্থী পূর্ববর্তী সব আদেশ/স্মারক নির্দেশাবলির সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে; তবে এ প্রজ্ঞাপনের সঙ্গে সংগতিপূর্ণ আগের জারিকৃত সব স্মারক বলবৎ থাকবে।

অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, বেতন-ভাতা সম্পর্কে এ প্রজ্ঞাপনে যা উল্লেখ করা হয়েছে তা সত্ত্বেও চুক্তি মোতাবেক প্রদেয় বেতন, ভাতা ইত্যাদির ক্ষেত্রে সরকার কর্র্তৃক পরবর্তীকালে সময়ে সময়ে জারিকৃত আদেশ প্রযোজ্য হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত