মাথায় লাগা মুমিনুলের পরিবর্তে ব্যাটিংয়ে জাকের

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে আজ ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান মুমিনুল হক। এই চোটের পরে কনকাশন পরীক্ষার জন্য মাঠ ছাড়তে হয় তাকে। এতে পরবর্তীতে ফিল্ডিং এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি এই ব্যাটসম্যান। মুমিনুলের পরিবর্তে কনকাশন সাব হিসেবে নেমে ব্যাট করছেন জাকের আলী অনিক। 

ঘটনাটি ঘটে সফরকারী দলের প্রথম ইনিংসে। মেহেদী হাসান মিরাজের করা ৭৭তম ওভারের দ্বিতীয় বলে। মিরাজের বল পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জশুয়া বিশপ। তবে বলটি ব্যাটের কানায় লেগে প্যাডে আঘাত করে শর্ট লেগে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা মুমিনুল ক্যাচটি ধরার চেষ্টা করলেও সফল হননি।

ক্যাচ ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান মুমিনুল। এ সময় তার মাথা থেকে হেলমেট খুলে যায়। পরে কনকাশন পরীক্ষার জন্য মাঠে আসেন দলের ফিজিও। তার সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান মুমিনুল। এই চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।

এদিকে মিরপুরে নেমেছে বৃষ্টি। এতে সময়ের আগেই চা বিরতির ঘোষণা দিয়েছেন আম্পায়াররা। তার আগে অবশ্য ২২ গজেও নেমেছিল শান্তদের উইকেটের বৃষ্টি। ২৭ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৪ রান যোগ করতেই নেই ৪ উইকেট। দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান ছাড়াও সাজঘরে ফিরেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। উইকেটে আছেন লিটন ও জাকের।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জোসেফের শিকারে শূন্য রান করে তানজিদ ফিরলে ধাক্কা খায় দল। এরপর সাদমান ও শান্ত প্রাথমিক ধাক্কা সামলে নিতে থাকেন। ৮ ওভারে সংগ্রহ ২৮ রান এলে লিড ছাড়ায় ৫০-রানে। তবে এরপরই রস্টন চেজের ঘূর্ণি জাদুতে মুহূর্তেই সব ওলটপালট হয়ে যায়। ১০ম ওভারে জোড়া আঘাত হানেন উইন্ডিজ অধিনায়ক। প্রথম বলে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমানকে (১৩) বোল্ড করে ফেরানোর এক বল হৃদয়কেও সাজঘরের রাস্তা দেখান তিনি। পরের ওভারেই শান্তকে (১০) ফেরান লেফ বিফোরের ফাঁদে। এতে পাঁচ রানের মধ্যেই বাংলাদেশের মিডল অর্ডার ধসিয়ে দেন চেজ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত