কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিকট শব্দে কেঁপে উঠেছে বসতবাড়ি। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন এবং সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু জেলার নাকপুরা ও বলিবাজার ঘাঁটি এলাকায় এ হামলা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা মমতাজ মিয়া জানান, রাত দেড়টার দিকে পরপর তিনটি বিকট শব্দ শুনতে পান তারা। এতে ঘুমন্ত বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে অলিগলিতে বেরিয়ে আসেন। অনেকে ভয়ে ছোটাছুটি শুরু করেন।
হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা রমজান উদ্দিন পটল বলেন, বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এমন ঘটনায় তিনি আতঙ্কিত। সীমান্তের মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে যাওয়ার পর অঞ্চলটি পুনর্দখলে নিতে অভিযান চালিয়ে আসছে দেশটির সামরিক জান্তা বাহিনী। এর আগেও আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার বিমান হামলা চালানো হয়েছে।
রাখাইনে তীব্র বিমান হামলা কাঁপছে টেকনাফ সীমান্ত