ফুটবল মাঠে রেকর্ডের খাতা খুললে, লিওনেল মেসি যেখানে এক পরম বিস্ময়, ক্রিশ্চিয়ানো রোনালদোও আরেকটি অধ্যায়ের জীবন্ত ইতিহাস। গোল, অ্যাসিস্ট কিংবা শিরোপার বর্ণিল মিছিলে দুজনে কিছুটা আগে-পরে হাঁটলেও একটি জায়গায় চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে বহুদূরে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা। মেসির ক্যারিয়ারে ৬২টি হ্যাটট্রিকের দেখা মিললেও একটিও ‘পারফেক্ট হ্যাটট্রিক’ (একই ম্যাচে বাঁ পা, ডান পা ও হেডে গোল) করার সৌভাগ্য হয়নি। আর ঠিক এ জায়গাতেই নিজের মুকুটে আরও এক অনন্য রতœ যোগ করলেন ৪১ বছর বয়সী সিআর সেভেন। সৌদি প্রো লিগে গত বৃহস্পতিবার আল-খুলুদের বিপক্ষে স্রেফ ১৫ মিনিটের এক বিধ্বংসী ঝড়ে ক্যারিয়ারের ১১তম পারফেক্ট হ্যাটট্রিক উপহার দিয়ে আল-নাসরকে ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতান সিআর সেভেন।
মাঠজুড়ে নিজের অভিজ্ঞতার দ্যুতি ছড়িয়ে ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেঙে একে একে তিনবার বল জালে পাঠান তিনি। এর মধ্যে প্রথমটি বাঁ পায়ে, দ্বিতীয়টি ডান পায়ে এবং শেষ গোলটি করেন নিখুঁত হেডের পসরা সাজিয়ে। রোনালদোর এই গোলের নেপথ্যে বড় অবদান রাখেন পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচশেষে নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যমে দলের জয় ও ব্যক্তিগত অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লিখেছেনÑ ‘দারুণ জয়, দলের দারুণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে
আমি আনন্দিত!’
সক্রিয় খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বোচ্চ পারফেক্ট হ্যাটট্রিকের রেকর্ড, যার ১১টির মধ্যে ৭টি এসেছে রিয়াল মাদ্রিদের জার্সিতে, ৩টি আল-নাসরের হয়ে এবং ১টি পর্তুগাল জাতীয় দলের হয়ে। এর আগে আল-নিয়ম ও আল-ফাইসালির বিপক্ষে টানা দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও এ হ্যাটট্রিক দিয়ে সমালোচকদের যেন জবাব দিলেন সিআর সেভেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাব ও দেশের হয়ে এটি তার ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক (রিয়াল মাদ্রিদে ৪৪, পর্তুগালে ১০, আল-নাসরে ৭, ম্যানচেস্টার ইউনাইটেডে ৩ ও জুভেন্টাসে ৩) ।