কুমিল্লা বোর্ডে অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারও হতাশাজনক চিত্র দেখা গেছে। ২০২৬ সালের পরীক্ষায় পাস করেছে ৪৮ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ হাজার ৩১৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

এবার ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ জন।

ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চিত্রেও রয়েছে ভিন্নতা। বোর্ডের অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করলেও ১৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

গত বছরের তুলনায় এবার বোর্ডের পাসের হারও কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত