আন্দোলন নয়, সরকার গঠনের পথ নির্বাচন: চীফ হুইপ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করা যায় না। সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন। জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হলে পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। যারা এমন পরিবেশ তৈরির চেষ্টা করছেন, তাদের বুঝতে হবে, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে। অন্যথায় পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানাবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে।

জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের আন্দোলন ও কর্মসূচির প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি করলে এর সুযোগ নেবে অন্যরা। যারা দেশকে বিভক্ত দেখতে চায়, তারাই এমন পরিস্থিতি থেকে লাভবান হবে।

তিনি আরও বলেন, ৫৪ বছরে অনেক সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়। দেশ ধ্বংস হলে পরবর্তী প্রজন্মের কাছে জবাব দিতে হবে। তাই দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জ্বালানি সংকট ও সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে চীফ হুইপ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অথচ কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলার অপচেষ্টা চলছে। কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে সরকারসহ দেশের ২০ কোটি মানুষকে জিম্মি করতে চায়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দক্ষ ও শিক্ষিত জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে হবে। পাশাপাশি বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

নূরুল ইসলাম মনি বলেন, প্রকৌশলীরা দেশ গড়ার কারিগর। দেশের উন্নয়নে তাদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন এবং প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

অনুষ্ঠানে আইডিইবির নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত