টিকটক ভিডিও নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের আশুগঞ্জ বাজারে স্থানীয় আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর থেকেই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার বিরোধ মীমাংসার জন্য আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিষয়টি মীমাংসা হলেও পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তারা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত