লালবাগ কেল্লায় 'দোলন' এর ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন অনুষ্ঠিত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

শিশু-কিশোরদের সৃজনশীলতা, পর্যবেক্ষণশক্তি ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যে শিশুদের পত্রিকা দোলনের আয়োজনে ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’-এর আউটডোর ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন সেশন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা লালবাগ কেল্লার ঐতিহাসিক স্থাপনা, প্রকৃতি ও পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করে। পাশাপাশি মোবাইল ফোনে বিভিন্ন দৃশ্যের ছবি তোলা এবং ফটোগ্রাফির ব্যবহারিক কৌশল শেখার সুযোগ পায় তারা।

আউটডোর ফটোগ্রাফি সেশনে প্রশিক্ষণ দেন আলোকচিত্র শিল্পী অনুপ রায়। তিনি শিক্ষার্থীদের বিষয় নির্বাচন, ফ্রেমিং, কম্পোজিশন এবং আলো-ছায়ার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন।

চিত্রাঙ্কন পর্বে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন চিত্রশিল্পী তানজিমা তাবাচ্ছুম এশা। শিক্ষার্থীরা নিজেদের তোলা ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে লালবাগ কেল্লার বিভিন্ন দৃশ্য ও স্থাপনা কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। আরও উপস্থিত ছিলেন কর্মসূচির কোঅর্ডিনেটর সুরাইয়া সিদ্দিকী বৃষ্টি এবং ইভেন্ট সহযোগী ইসমাম শাহারিয়ার ও জয়া রায়।

উল্লেখ্য, দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬-এর প্রথম দুই দিন ৯ ও ১০ অক্টোবর বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি ও চিত্রাঙ্কনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিক আয়োজন হিসেবে লালবাগ কেল্লায় এ আউটডোর সেশনের আয়োজন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত