চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় শনিবার (৩১ অক্টোবর) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ফার্মাসিস্ট বিহীন ওষুধের দোকান পরিচালনার অপরাধে বাংলাদেশ ফার্মেসি ও মেসার্স নিউ চন্দনাইশ ফার্মেসীকে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণের জন্য সতর্ক করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী রাস্তায় ড্রেন মাটি দিয়ে ভরাট করাতে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোকে নিজ নিজ ড্রেনের মাটি তুলে পানি চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন ইউএনও।
একই সাথে হাসপাতালের পাশে একটি গোডাউনে অবৈধ আবাসিক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বাণিজ্যিক সংযোগ স্থাপনের জন্য সতর্ক করা হয়।
পৌরসভার কর্মচারীদের দিয়ে হাসপাতালের রাস্তার আগাছা, ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আজম খান, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. নুরুল আলম, পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার মো. মেজবা উদ্দিন নিজামিসহ হাসপাতাল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. আবদুর রহমান।