রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে শহীদনগর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে তারা ঘটনাস্থলে যান। সেখানে ওই যুবককে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এসআই আরও জানান, শহীদনগরের ৬ নম্বর গলিতে খালার বাসায় থাকতেন বিপ্লব। তার বাবা অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তিনি কিছুই করতেন না। দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব লালবাগ কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন। এলাকায় সে মাউছা বিপ্লব নামে পরিচিত। পাশাপাশি পুলিশের সোর্সের কাজ করতেন।
উজিরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা