পটুয়াখালীর দুমকির শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও সাড়ে ২১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম ইমরান ওই এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে এবং সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি।
মামলার এজাহারে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) তালতলী বাজারে গেলে খলিল জোমাদ্দারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন তাকে মারধর করেন এবং তার পকেটে থাকা সাড়ে ২১ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় খলিল জোমাদ্দার বাদী হয়ে মামলা করেন। মামলায় ইমরানকে ২ নম্বর আসামি করা হয়।
তবে ঘটনাটিকে ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথক ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্বপরিবারে গ্রেপ্তার
শিবালয়ে ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার