পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে স্বীকার করায় যুবক আটক

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার নতুন ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে রাজিবকে আটক করা হয়।

এর আগে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস।

রবিবার রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় মিরপুর-১০ মেট্রো স্টেশন। একই সঙ্গে বন্ধ হয়ে যায় যান চলাচল।

খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রবিবার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

সর্বশেষ সর্বাধিক পঠিত