বিক্ষোভের নেপথ্যে আ.লীগ সমর্থিত মালিক-শ্রমিকেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শিল্পমালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে। যেসব কারখানা বন্ধ থাকবে, সেগুলোর তালিকাও দিতে বলা হয়েছে।’

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক ও শ্রমিকেরা দায়ী।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে নানা ধরনের ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। আন্দোলনের নামে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে। অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে।

বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিল্পমালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে। যেসব কারখানা বন্ধ থাকবে, সেগুলোর তালিকাও দিতে বলা হয়েছে।’

নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, আজ বিকেল ৩টায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত