ব্যক্তিগত পরিসরে নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ারের সুযোগ দিতে নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক মাধ্যম থ্রেডস। ‘থ্রেডস ফ্রেন্ডস’ নামের এ সুবিধা ইতালি, আয়ারল্যান্ড ও জাপানে পরীক্ষামূলকভাবে চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা।
ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের আদলে তৈরি এই ব্যবস্থায় ব্যবহারকারীরা সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে একটি বন্ধু তালিকা তৈরি করতে পারবেন। তালিকার সদস্যদের সঙ্গে শেয়ার করা পোস্ট অন্য অনুসারী বা সাধারণ ব্যবহারকারীরা দেখতে পারবেন না। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগের সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে মেটা। নতুন তালিকা তৈরির ক্ষেত্রে অ্যাপটি নিয়মিত যোগাযোগ করা ব্যক্তিদের নাম প্রাথমিকভাবে সুপারিশ করবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজের মতো করে তালিকা পরিবর্তন করতে পারবেন। তালিকা তৈরির পর ফিডের ওপরের দিকে সবুজ রঙের একটি বাবলে ট্যাপ করে গত ২৪ ঘণ্টায় বন্ধুদের শেয়ার করা পোস্ট একসঙ্গে দেখা যাবে।
এর আগে ২০২২ সালে টুইটারেও ‘সার্কেলস’ নামে একই ধরনের সুবিধা চালু হয়েছিল। তবে এক বছরের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষাধীন তিনটি দেশের বাইরে ফিচারটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি মেটা।