পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মোল্লা (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে লিটন মোল্লাকে হাতেনাতে ধরে ফেলে ডিবি পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লিটন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার বিষ্ণুবাড়ীয়া গ্রামের মো. আবু হানিফ মোল্লার ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে সাঁথিয়া ও এর আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাঁথিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।