পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস যুব উন্নয়ন সংঘের’ আয়োজনে এ প্রতিযোগিতায় বৃহত্তর কাশিনাথপুর এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান, মাদকাসক্তি, বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মেধা ও চিন্তাশক্তির পরিচয় তুলে ধরে তারা।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে দিনব্যাপী এ আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বিচারক ছিলেন বেড়া উপজেলার প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ড. মো. হাফিজুর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় ড. মো. হাফিজুর রহমান বলেন, যুবসমাজকে নিয়ে এ ধরনের সৃজনশীল ও মননশীল আয়োজন প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি কিশোর ও তরুণদের সৃষ্টিশীল কাজে যুক্ত রাখতে পারলে তাদের বিপথগামিতা থেকে রক্ষা করা সহজ হবে। প্রতিযোগিতামূলক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সমাজ ও দেশের টেকসই উন্নয়ন সম্ভব।
‘প্রয়াস যুব উন্নয়ন সংঘের’ সভাপতি এস এম মহিরউদ্দিন কলি বলেন, দেশ ও সমাজের উন্নয়নে যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের তরুণেরাও যেন সমাজের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি জানান, সংগঠনের উদ্যোগে পাবনার বেকার যুবকদের জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাস্তবমুখী কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও যুবশক্তিকে সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগাতে সংগঠনটি নানা উদ্যোগ অব্যাহত রাখবে।