ড. কামাল হোসেন বললেন

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

দেশের মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দেশে স্বাধীন বিচারব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবিধান দিবস-২০২৬ উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ এবং ৭২-এর সংবিধানের মূলনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের প্রচার সম্পাদক সানজিদ রহমান শুভ। কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের সংবিধান জাতির সংগ্রামের ফসল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি শোষণমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি।’

তিনি বলেন, ‘মানুষের অধিকার রক্ষার কাজ শেষ হয়নি। স্বাধীন বিচারব্যবস্থা, সুষ্ঠু  নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্ম, গোষ্ঠী, লিঙ্গ, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য চলতে দেওয়া যাবে না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত