তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ঠেকাতে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডকে দ্রুত সভা ডাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা। গতকাল মঙ্গলবার রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় শ্রমিক নেতারা মজুরি বোর্ড গঠনের পর তিন দিন অতিবাহিত হলেও কোনো সভা আহ্বান না করায় হতাশা প্রকাশ করেন। তারা বলেছেন, শ্রমিক অসন্তোষ ঠেকাতেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে, অথচ বোর্ড গঠনের পর সভা ডাকতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন তারা।
সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পোশাক খাতের ঘোষিত মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের দুই প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এ ছাড়া আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপসহ ৫০টি শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি।
আইবিসির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সভাশেষে একটি গণমাধ্যমকে বলেন, ‘সভা থেকে আবারও শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সকালে পরিস্থিতি ভালো ছিল। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে দুপুরের পর পরিস্থিতি খারাপ হয়। এতে প্রমাণিত হয় শ্রমিকদের আন্দোলনে দুষ্কৃতকারীরা ঢুকে পড়েছে।’ তিনি বলেন, শ্রমিক আন্দোলনে সহিংসতা শুরুর পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে শ্রমিক সংগঠনগুলো। অথচ মজুরি বোর্ড গঠনের পর তিন দিন অতিবাহিত হলেও কোনো বৈঠক ডাকা হয়নি। ইতিমধ্যে কিছু সাধারণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এসব কারণে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।