বাংলাদেশে কয়েক দিন ধরে চলমান ‘শ্রমিক অস্থিরতার’ ওপর নজর রাখছে প্রতিবেশী ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, সেখানে কিছু ঘটনা ঘটছে এবং আমরা সেই পরিস্থিতির ওপর নজর রাখছি।
অন্য এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে বলতে গেলে, আমি আগেই যেমনটি বলেছি, আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে চাই।
মুখপাত্র জানান, এটিই আমাদের প্রত্যাশা এবং আমরা এই লক্ষ্য অর্জনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে রেখেছি, এখন দেখা যাক কী হয়।
অভিন্ন নদী গঙ্গার পানিবণ্টন চুক্তির ওপর করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি সুসংগঠিত কাঠামো। তবে এ বিষয়ে জানানোর মতো নতুন অগ্রগতির কোনো তথ্য তার কাছে নেই।