সংস্কারে সামিটের টার্মিনাল বন্ধ কমবে গ্যাসের চাপ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

আজ বুধবার থেকে ৮০ ঘণ্টার জন্য বন্ধ থাকছে সামিটের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রাখায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাবে। এতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ সময় টার্মিনালটির প্রয়োজনীয় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। রক্ষণাবেক্ষণ শেষে টার্মিনালটি পুনরায় চালু হলে এর মাধ্যমে এলএনজি সরবরাহ আবার শুরু হবে।

পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটির (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে বর্তমান গ্যাসের সরবরাহ আগামী চার দিন দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। কোনো কোনো এলাকায় সাময়িকভাবে সরবরাহ কমে গিয়ে স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত