মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে প্রদর্শনী স্থগিত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিতের সিদ্ধান্ত নেন আয়োজকরা।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও মফিদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সারওয়ার আলী বলেন, উদ্বোধনের দিন বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার কারণে প্রদর্শনীটি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শের ভিত্তিতেই উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন অতিথি জাদুঘরে উপস্থিত হয়েছিলেন। এর কিছুক্ষণ আগে ১২ থেকে ১৫ জন পুলিশ সদস্য সেখানে গিয়ে নিরাপত্তার কথা উল্লেখ করে অনুষ্ঠান শুরু না করার নির্দেশ দেন। পরে আয়োজকরা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, অনুমতি ছাড়া একটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পুলিশকে জানানো হয়েছিল, অনুমতি ছাড়া সেখানে কোনো অনুষ্ঠান করা যাবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত