যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বটমস

৫৬ বছর বয়সী বটমস এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের জনসম্পৃক্ততা কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোনো অঙ্গরাজ্যের গভর্নর হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী গভর্নরও হতে যাচ্ছেন সাবেক আটলান্টা মেয়র। মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করেন তিনি। খবর রয়টার্স।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, জর্জিয়ার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন বটমস। তিনি রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন। টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে পদ ছাড়ছেন কেম্প।

৫৬ বছর বয়সী বটমস এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের জনসম্পৃক্ততা কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বটমসের এই জয় মার্কিন রাজনীতিতে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটিক পার্টির গুরুত্বপূর্ণ ভোটারভিত্তি হিসেবে ভূমিকা রাখলেও যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাচিত পদগুলোতে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্ব এখনো তুলনামূলক কম।

একই রাতে যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল ইউএস ভার্জিন আইল্যান্ডসের গভর্নর নির্বাচিত হয়েছেন স্টেসি প্লাসকেট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা অধীনস্থ অঞ্চলের গভর্নর নির্বাচিত হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

বটমসের জয় জর্জিয়ার রাজনীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অঙ্গরাজ্যটিতে কৃষ্ণাঙ্গ ভোটাররা ডেমোক্র্যাটদের রাজনৈতিক জোটের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমর্থনেই একসময় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া জাতীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে পরিণত হয়। এর আগে দুই দশকেরও বেশি সময় ধরে অঙ্গরাজ্যটির গভর্নরের পদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল।

অন্যদিকে নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসন একজন ধনকুবের ব্যবসায়ী। তিনি স্বাস্থ্যসেবা খাতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান জ্যাকসন হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা। নির্বাচনী প্রচারে নিজেকে প্রচলিত রাজনীতির বাইরের একজন প্রার্থী হিসেবে তুলে ধরেন তিনি। তার প্রচারের প্রধান বিষয় ছিল কর কমানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি নিয়ন্ত্রণ কমানো।

বটমসের এই বিজয়ের পেছনে জর্জিয়ার ডেমোক্র্যাটিক রাজনীতিতে দীর্ঘদিনের সাংগঠনিক প্রচেষ্টারও ভূমিকা রয়েছে। আট বছর আগে ডেমোক্র্যাট স্টেসি আব্রামস প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের একটি প্রধান রাজনৈতিক দলের গভর্নর প্রার্থী হওয়ার ইতিহাস গড়েছিলেন।

আব্রামস ২০১৮ ও ২০২২ সালে জর্জিয়ার গভর্নর নির্বাচনে পরাজিত হন। তবে তার নির্বাচনী প্রচার বহুজাতিক ও বিভিন্ন প্রজন্মের ভোটারদের নিয়ে ডেমোক্র্যাটদের একটি শক্তিশালী জোট গড়ে তুলতে সহায়তা করে। এর ফলে অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের ভোটার উপস্থিতি বাড়ে, দলটি যুক্তরাষ্ট্রের সিনেটে দুটি আসন পায় এবং কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে একজন ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ার ইলেকটোরাল ভোট পান।

সর্বশেষ সর্বাধিক পঠিত