অশান্ত সাভার শিল্পাঞ্চল

বতর্মানে মহাসড়ক সচল থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এবং ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। 

দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইর সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসময় পুলিশ, পথচারী ও সাংবাদিক, শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর পদ্মার মোড় বাসস্ট্যান্ডসহ এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। 

এ সময় পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে, পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। একদল পদ্মার মোড় এলাকায় এবং অন্য একটি দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আগে থেকেই অবস্থান নেওয়া শ্রমিকদের সরাতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সকাল ৯টা ১০ মিনিটে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। এসময় পুলিশ বারবার শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার কথা বললেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,  ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ার সেল নিক্ষেপ শেষে সকাল পৌনে ১১ টার দিকে মহাসড়ক অবরোধমুক্ত করে।  

এদিকে সকাল সাড়ে ৯ টার দিকে সাভারের উলাইলে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ আহত হয়েছে অনেকে।

Savar Strike

পুলিশ জানায়, সকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আল-মুসলিমের সামনে ইট পাটকেল নিক্ষেপ করে বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা  রক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ঢাকা-আরিচা মহাসড়কে সকাল সাড়ে ৯ টা থেকে সোয়া ১০ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। তবে বতর্মানে মহাসড়ক সচল থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অপরদিকে সাভারের হেমায়েতপুরেও পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফার সংঘর্ষ হয়েছে। এঘটনায় সেখানে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত