টেকনাফে পাহাড়ে যুবকের মরদেহ উদ্ধার, আহত ২

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুক্তার। তিনি হোয়াইক্যং ইউনিয়নের তৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন, একই এলাকার ইলিয়াছ ও আলী আহমদ।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে পানখালী ভিলেজার পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় হতাহতদের পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মুক্তারের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ইলিয়াছ ও আলী আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পাহাড়ি এলাকায় মাদক আত্মসাতের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, সকালে এক যুবকের মরদেহ ও দুজনকে আহত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে সাধারণ মানুষের যাতায়াত কম। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি পাহাড়ি কোনো অপরাধ চক্রের কাজ, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত