শ্রীমঙ্গলে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শিপন ওই গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে শিপন মিয়াকে আটক করা হয়।  

পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ ও বসতঘর তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ টাকা ও মোবাইল ফোনটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার শিপন মিয়া ও পলাতক অপর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত