তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে একমত হয়েছেন শ্রমিক ও মালিক উভয়পক্ষ। এর ফলে আগামী জানুয়ারি মাসেই নতুন স্কেলে বর্ধিত বেতন হাতে পাবেন শ্রমিকরা।
বুধবার (৪ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।
বেতন সমন্বয়ের লক্ষে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠনের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলন অব্যাহত রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়ক ও মহাসড়ক অবরোধ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এমন বাস্তবতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক আহ্বান করে ন্যূনতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় নতুন চেয়ারম্যানসহ বোর্ডের ছয়জন সদস্যই অংশ নেন।
সভা শেষে ব্রিফিংয়ে প্রতিনিধিরা জানান, চলমান আন্দোলনের কারণে কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। এ সময় মজুরি নির্ধারণে সরকারের আন্তরিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে শ্রমিকদের সব ধরনের আন্দোলন পরিহার করে দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।
উৎপাদন সচল রাখার তাগিদ দিয়ে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, সরকার ইতোমধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার বিষয়ে শ্রমিক ও মালিক দুপক্ষই একমত হয়েছে, যা আগামী জানুয়ারি মাসেই শ্রমিকরা হাতে পাবেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘পূর্ববর্তী বিভিন্ন সময়ের মতো এবার কোনো ধরনের কালক্ষেপণ করা হবে না। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম মজুরির চূড়ান্ত সুপারিশ পেশ করা হবে।’
তিনি আরও জানান, এছাড়া আগামী সপ্তাহেই বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দাবি-দাওয়া লিখিত আকারে উপস্থাপন করবেন। মালিকপক্ষের প্রতিনিধিরাও নিশ্চিত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই বর্ধিত বেতন বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।
শ্রমিকদের লাগাতার বিক্ষোভ ও আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ৬ সদস্যের এই নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। এর আগে সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন