৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

পিকআপের গোপন চেম্বারে লুকানো ৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আল আমিনকে (৩৩) আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. নাজমুল হক বুধবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ময়মনসিংহের তারাকান্দার পশ্চিম তালদিঘী গ্রামের পাকা রাস্তায় এই অভিযান আটক করেন। এই সময় বিপুল পরিমাণ ফেনসিডিল ছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গ্রেপ্তারকৃত আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মো. মনির উদ্দিন ছেলে।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম তারাকান্দার পশ্চিম তালদিঘী গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এই সময় একটি খালি পিকআপে তল্লাশি চালিয়ে গোপন চেম্বারে লুকানো ১০টি প্লাস্টিক সিনথেটিক ব্যাগ থেকে মোট ৪৯২ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি ব্যাগে ৫০টি করে ৪৫০ বোতল এবং অপর একটি ব্যাগে ৪২ বোতল ফেন্সিডিল ছিল। 

প্রতিটি বোতলে ১০০ মিলি করে মোট ৪৯.২ লিটার ফেনসিডিল রয়েছে। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি টাটা এস মিনি পিকআপ এবং একটি VMAX ভি৫৫ মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা করা হচ্ছে।।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ডিএনসি নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক ব্যবসায়ীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দিয়ে ডিএনসিকে সহযোগিতাও করার জন্য জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত