জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমি আন্তরিক ভাবে দুঃখিত লেঙ্গুরাবাসী। আমরা চেষ্টা করছি স্থায়ী সেতু নির্মাণের, যতদিন পর্যন্ত না পারব ততদিন পর্যন্ত বিকল্প হিসাবে এলাকাবাসীর সুবিধার জন্য অস্থায়ী সেতু নির্মিত হবে ইনশাআল্লাহ।’
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা এবং মানুষের যাতায়াত সুবিধার্থে গতবারের মতো এবারো ডেপুটি স্পিকার উদ্যোগে নেত্রকোনার কলমাকান্দার কাউবাড়ী নদীর ওপর নির্মিত দুটি বাঁশের সেতুর উদ্বোধন করেছে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার লেংগুরা ইউনিয়নের কাউবাড়ী নদীর উপর রাধানগর ও জিগাতলা এলাকায় নির্মিত বাঁশের সেতু দুটি উদ্বোধন করা হয়। এ সময় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করে।
জানা গেছে, রাধানগর বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১০২ ফুট ও প্রস্থ ৫ ফুট। অন্যদিকে জিগাতলা বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১০৭ ফুট এবং প্রস্থ ৫ ফুট। সেতু দুটি দিয়ে প্রতিদিন ১৩টি গ্রামের মানুষ যাতায়াত করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য শত শত শিক্ষার্থীও প্রতিদিন এই পথ ব্যবহার করে।
সেতু দুটি উদ্বোধনের আনন্দের মধ্যেও স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছে খুদে শিক্ষার্থীরা। বর্ষায় নদী পারাপারে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় তাদের। বাঁশের সেতু দিয়ে চলাচল কিছুটা স্বস্তি ফিরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, কাউবাড়ী নদীর কারণে দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি ছিল বেশি। মানুষের সেই দুর্ভোগের কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের উদ্যোগে আপাতত বাঁশের সেতু দুটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এলাকাবাসীর স্থায়ী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পাকা সেতু নির্মাণের দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশের এই সেতু দুটির উদ্বোধন করেছে। এতে তারা খুব আনন্দিত। তবে শিক্ষার্থীসহ এলাকার মানুষের নিরাপদ চলাচলের জন্য এখানে পাকা সেতু নির্মাণ হলে আরও ভালো হবে।