জ্ঞান মানুষের জীবনকে সুন্দর করে। সঠিক জ্ঞান মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক। জ্ঞান বৃদ্ধির উপায় ও দোয়া সম্পর্কে কোরআন হাদিসের একাধিক বর্ণনা রয়েছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ নবী মুহাম্মদ (সা.)-কে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন। দোয়াটি হলো, ‘রব্বি যিদনি ইলমা।’ অর্থাৎ হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা তাহা ১১৪)
এটি জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দোয়া। এর মাধ্যমে মানুষ নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে মহান আল্লাহর কাছে আরও জ্ঞান প্রার্থনা করে।
রাসুলুল্লাহ (সা.) উপকারী জ্ঞান লাভের জন্য একটি দোয়া শিখিয়েছেন। তা হলো, ‘আল্লাহুম্মা আনফা’নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা এনফাউনি, ওয়া যিদনি ইলমা।’ অর্থাৎ হে আল্লাহ! আপনি আমাকে যা শিখিয়েছেন, তা দ্বারা আমাকে উপকৃত করুন। আমাকে এমন জ্ঞান শিক্ষা দিন, যা আমার উপকারে আসবে এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুনানে তিরমিজি ৩৫৯৯) এই দোয়ায় উপকারী জ্ঞান অর্জন, অর্জিত জ্ঞান থেকে উপকৃত হওয়া এবং জ্ঞান বৃদ্ধির প্রার্থনা রয়েছে।
ইসলামে জ্ঞান অর্জনের পাশাপাশি তা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য আল্লাহভীতি, শেখার আগ্রহ, অধ্যবসায় এবং জ্ঞানীদের সাহচর্য গ্রহণ করা জরুরি। একই সঙ্গে পাপ থেকে দূরে থাকতে হবে। কারণ পাপ মানুষের অন্তরের পবিত্রতা নষ্ট করে এবং জ্ঞান অর্জনের পথে বাধা সৃষ্টি করে।
জ্ঞান অর্জনের উদ্দেশ্যও হতে হবে সৎ। খ্যাতি বা মানুষের প্রশংসা লাভ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও সঠিক পথের সন্ধানই হওয়া উচিত জ্ঞানচর্চার লক্ষ্য। উপকারী জ্ঞান মানুষের চিন্তা, চরিত্র ও আমলে ইতিবাচক পরিবর্তন আনে। তাই প্রতিদিনের দোয়া ও জীবনের অংশ হিসেবে জ্ঞান বৃদ্ধির এই দোয়াগুলো পাঠ করা এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।
লেখক : ধর্মীয় নিবন্ধকার