সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা সদস্যর নজরদারি রাখছে। স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) শিল্পাঞ্চলের সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে এসে কাজে যোগ দেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সাভারের হেমায়েতপুর এলাকাসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের।
পাশাপাশি বিজিবির বিশেষ টিমের নিয়মিত টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাভার, ধামরাই ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব এলাকায় সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।