বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং-এর সম্মানে প্রাতঃরাশ সভার আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই প্রাতঃরাশ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করা হয় এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
প্রাতঃরাশ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য চীনের ক্রমাগত সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
লিউ বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে তার পিতা, সাবেক রাষ্ট্রদূত লিউ শুচিং-এর অবদানের কথাও স্মরণ করেন। তিনি বাংলাদেশ-চীন সম্পর্ক শক্তিশালীকরণে তার পিতার ভূমিকার কথা উল্লেখ করেন।
চীনের পররাষ্ট্রনীতিতে আইডিসিপিসির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে লিউ আশ্বাস দেন যে, তার দপ্তর দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবে। উভয় পক্ষ ‘চীন-বাংলাদেশ’ উদ্যোগের অধীনে এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।