কুমিল্লায় পুলিশের অভিযান, এক রাতে আটক ২৯৯

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

সন্ধ্যা নামতেই একযোগে মাঠে নামে পুলিশ। লক্ষ্য মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা নিয়ন্ত্রণ। জেলার ১৮টি থানার অপরাধপ্রবণ এলাকায় চলে বিশেষ অভিযান। এতে এক রাতেই আটক করা হয় ২৯৯ জনকে। তাদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শুধু শহর নয়, জেলার প্রতিটি থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। মাদক কেনাবেচা, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে যাচাই-বাছাই করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা পুলিশ বলছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধের জগতে জড়িয়ে পড়া ঠেকানো এবং মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ন্ত্রণে রাখতেই এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক নজর রাখা হচ্ছে।

কিশোর অপরাধ, মাদক কারবার ও ছিনতাই দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত