বাংলাদেশ তোমাদের, দেশ তোমাদেরই গড়তে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশ তোমাদের, এই দেশকে তোমাদের গড়তে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও কালচারে অংশগ্রহণ করতে হবে।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব নয়। বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি বিদেশি ভাষা শিখতে পারলে বিশ্বের কোনো দেশ বাংলাদেশের নতুন প্রজন্মকে দমিয়ে রাখতে পারবে না।’

খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক দক্ষতা অর্জনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘বিকেএসপির শিক্ষার্থীরা খেলাধুলায় যেমন দক্ষতা দেখিয়েছে, তেমনি নাচ, অ্যাক্রোবেটিকসসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়ও পারদর্শিতা দেখিয়েছে। এতে প্রমাণিত হয় তোমরাও পারো।’

প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে একাধিক ক্ষেত্রে দক্ষতা অর্জন করা সম্ভব। নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ৬৩ হাজার শিশু-কিশোরের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের শিশু-কিশোরদের মধ্যে প্রতিভার অভাব নেই। তাদের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের। সরকার এমন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে নিজেদের যোগ্য করে তুলতে পারে।’

তিনি বলেন, ‘এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে দেশকে উদাহরণ হিসেবে তুলে ধরতে অন্য কোনো দেশের নাম নিতে হবে না। বরং বাংলাদেশই হবে সমৃদ্ধ ও শক্তিশালী দেশের উদাহরণ। নতুন প্রজন্মকে সেই অবস্থানে দেশকে নিয়ে যেতে হবে। ভবিষ্যতে শিশু-কিশোরদের সঙ্গে স্কুল-কলেজ, খেলার মাঠ ও সংস্কৃতিচর্চার মঞ্চে আবার দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন খেলাধুলার মাঠে তোমাদের সাথে দেখা হবে, সংস্কৃতির মাঠে তোমাদের সাথে দেখা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আরম খান। বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিকেএসপিতে ভর্তির জন্য ৪০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করেন। অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের দুইজন সেরা ক্রীড়াবিদও বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স। বর্ণিল পোশাক, ছন্দময় পরিবেশনা এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে বিকেএসপি ও চীনা শিক্ষার্থীদের এই পরিবেশনা স্টেডিয়ামে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী এতে অংশ নেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে এই পরিবেশনার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে নতুন কুঁড়ির উদ্বোধনী আয়োজনে দুই দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে।

এর আগে বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার কুদির বটতলা ও নগরীর ডাকবাংলা মোড়ে পৃথক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৬ মিনিটে কুদির বটতলায় পৌঁছে নির্ধারিত অভ্যর্থনার অপেক্ষা না করে গাড়ি থেকে নেমে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

পথসভায় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন। বিকেল ৩টা ৪২ মিনিটে তিনি খুলনায় পৌঁছান।

সর্বশেষ সর্বাধিক পঠিত