নোয়াখালীতে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৬২ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চৌকি বসায় সেনবাগ থানা পুলিশ। রাতে নোয়াখালী থেকে ফেনীগামী একটি নীল রঙের মিনি ট্রাককে (ঢাকা মেট্রো-ড-১২-৭৫৮৪) থামার সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে হেলপার সৈয়দ নুরকে আটক করলেও চালক মো. শাহেদ পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকটির বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট থেকে ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, ট্রাকের পলাতক চালক শাহেদ ও মালিক রবিউল আলমের সহযোগিতায় টেকনাফ থেকে ইয়াবার এই চালানটি নোয়াখালী হয়ে বিক্রির উদ্দেশ্যে নরসিংদী নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত