আলফাডাঙ্গায় আগুনে পুড়ল ৭ পাটের গুদাম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত শনিবার রাত ৮টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়। আগুনে গুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়। 

বাজারের ব্যবসায়ী কাশেম মণ্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ একটি পাটের গুদামে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে সাতটি পাটের গুদামসহ তিনটি দোকান পুড়ে যায়। আগুনে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে, যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই গুদাম ও দোকানগুলো পুড়ে যায় হয়।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। 




সর্বশেষ সর্বাধিক পঠিত