আগের সরকারের ধারায় চলছে না বর্তমান সরকার: ত্রাণমন্ত্রী

কিছুটা সময় লাগলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে সরকার।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার আগের সরকারের গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। কিছুটা সময় প্রয়োজন হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে দেশে অরাজকতা, অনিয়ম ও দুর্নীতির কারণে অনেক কাজ স্বাভাবিকভাবে করা সম্ভব হতো না। বিভিন্ন ক্ষেত্রে অপরাধে জড়িত ব্যক্তিরা শক্তিশালী হয়ে উঠেছিলেন। তবে এখন আর এসব চলতে দেওয়া হবে না। দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন প্রমাণ করেছে, আগের মতো নির্বাচন এখন আর হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মধ্য দিয়েও এর প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের সামগ্রিক উন্নয়নে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সাধারণ মানুষের ভোগান্তি, আহাজারি ও অভিযোগ কমাতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারি অফিস-আদালত, হাসপাতালসহ সব প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সবার সদিচ্ছা থাকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য চিকিৎসক আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত