ঠাকুরগাঁওয়ে ঋণগ্রস্ততা, অভাব-অনটন ও মানসিক যন্ত্রণার কারণে চার দিনে চারজন আত্মহত্যা করেছেন। গত ২৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে জেলার সদর ও ভুল্লী থানার বিভিন্ন এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।
ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ও উপপরিদর্শক ফরিদুজ্জামান। তিনি বলেন, আর্থিক সংকট, ঋণের চাপ এবং তীব্র মানসিক অসুস্থতার কারণে চারটি অপমৃত্যুর মামলা সংশ্লিষ্ট থানাগুলোতে নথিভুক্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সদর উপজেলার জামালপুর ইউনিয়নে এনজিওর ঋণের চাপে কৃষক প্রকাশ চন্দ্র রায় আত্মহত্যা করেন। পরদিন ২৭ অক্টোবর পৌর শহরের গোবিন্দনগর এলাকায় ঋণের দুশ্চিন্তায় আত্মহত্যা করেন বাসচালক আক্তার আলীর ছেলে আরিফ পারভেজ।
এ ছাড়া ৩০ অক্টোবর ভুল্লী থানার কচুবাড়ী কাজীপাড়া এলাকায় দীর্ঘদিনের মানসিক অসুস্থতায় ভুগে আত্মহত্যা করেন মাদ্রাসার এক প্রভাষকের স্ত্রী মোছা. নারগীস আকতার। পরদিন ৩১ অক্টোবর একই থানার ছোট বালিয়া গ্রামে চরম অভাব ও অসুস্থতার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দিনমজুর রাজ কুমার চন্দ্র বর্মন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রতিটি ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।