ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে হেলাল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার তেলীপাড়ার আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কিশোরীর দাদি হেলালসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, কিশোরীটি শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে হেলাল তাকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে বিয়ে করার হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশায় বাড়ি ফেরার পথে শহরের হাজিপাড়া এলাকায় কিশোরীকে জোর করে তুলে নেওয়া হয়। পরে স্টেডিয়ামসংলগ্ন একটি বাড়িতে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কিশোরী ও তার ছোট বোনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। পরে তাকে অন্য একটি বাড়িতে নিয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানানোর পর কিশোরীর দাদি থানায় মামলা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহ্জাহান আলী জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত