পরীমণির বিচারের দাবিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের মানববন্ধন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রাজুর ওপর অভিনেত্রী শামসুন্নাহার পরীমণির হামলা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিল। এ সময় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তের যথাযথ বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিকরা অংশ নেন। তাঁরা পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার আল আমিন এম তাওহীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেশ রূপান্তরের রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ খোকা। এ ছাড়া সংগঠনের নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টাররা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খোকা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতির শিকার হবেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা বা হেনস্তার অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আল আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি রাজুর ওপর হামলা ও হেনস্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সমাবেশ থেকে অভিনেত্রী শামসুন্নাহার পরীমণির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সুষ্ঠু বিচার এবং সাংবাদিক রাজুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ খোকা, সভাপতি মোহাম্মদ আলী আজগর, সাধারণ সম্পাদক জি এম রাশেদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শেখসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত